কোয়ারেন্টাইন কেন মানবো? আল্লাহ্-ভরসা কখন কিভাবে?:



   করোনা ভাইরাস কি ও কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তা পৃথিবী ও পৃথিবীর মানুষ খুব ভাল করেই অনুভব করছে ৷ পৃথিবীজুড়ে বিজ্ঞানীদের প্রতিযোগিতা চলছে এর প্রতিষেধক আবিষ্কারের জন্য ৷ আমরা আশা করি যেন অতি দ্রুত তারা সফলতা লাভ করেন ৷ একই সাথে আমাদের সবার সচেতনতা-সতর্কতা অতি আবশ্যক ৷ কারণ সচেতনতাই পারে এই ভয়াবহ পরিস্থিতিকে পুরোপুরি না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে ৷ তাই সচেতনতার কোন বিকল্প নেই ৷

বর্তমান এ পরিস্থিতিতে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উত্তম পথ হল কোয়ারেন্টাইন ৷ যদিও ঘরের ভিতর আবদ্ধতাকে মেনে নিতে কষ্ট হয় আমাদের সবারই ৷ কারণ মুক্ত আকাশের নিচে ঘুরে-ফিরে যাদের অভ্যাস তাদের কাছে ঘরের ভিতর আবদ্ধ থাকা আর জেলখানায় বন্দি থাকার মাঝে কোন তফাৎ নেই ৷ কিন্তু শত কষ্ট হলেও যেকোন উপায়ে তা আমাদের মেনে নিতেই হবে ৷

কোয়ারেন্টাইন পদ্ধতি অবলম্বন করার জন্য বিশ্বের প্রতিটি দেশে সরকারীভাবে ঘোষণা দেয়া হয়েছে ও হচ্ছে ৷ পরিবারের মায়া ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বেরিয়ে বিরামহীন কাজ করে যাচ্ছে প্রশাসন ৷ ডাক্তাররা প্রশংসনীয় সেবা করে যাচ্ছেন ৷ অত্যন্ত দুঃখের বিষয় হল, অনেক ডাক্তার ও করোনা নিয়ন্ত্রণে নিযুক্ত প্রশাসনের লোক সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৷ তবুও থেমে নেই তাদের প্রচেষ্টা ৷ বারবার  পরামর্শ দিচ্ছেন জরুরি প্রয়োজন ব্যতিত বাহিরে বের না হতে ৷ সামাজিক দূরত্ব বজায় রাখতে ৷ তারা সবাই মূলত আমাদেরই ভালোর জন্য এগুলো বলছেন ও করছেন ৷ তারপরও আমাদের মধ্যে অনেকেই এখনো অলসতা দেখাচ্ছি ৷ প্রাণনাশক ক্ষতি জেনেও বের হচ্ছি, সমাগমে জড়াচ্ছি এবং অনেকে খেলা-ধুলাও করছি ৷ অথচ এ অলসতাই হতে পারে আমাদের প্রাণ কেড়ে নেওয়ার মাধ্যম ৷ নিজের প্রাণের পাশাপাশি কেড়ে নিতে পারে পরিবার ও দেশের সব মানুষের প্রাণগুলোকেও ৷ তাই সবার জন্য আবশ্যক তাদের পরামর্শ মেনে নিজেদের পাশাপাশি পরিবার ও দেশকে সুরক্ষিত রাখা ৷ বর্তমান পরিস্থিতির এটাই দাবি ৷

এতকিছুর পরেও যদি আমরা মানতে না পারি, সচেতন না হই তাহলে আমরা জাতি হিসেবে অযোগ্য বলেই বিবেচিত হবো এতে কোন সন্দেহ নেই ৷ কমপক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের পরামর্শ হিসেবে তো মেনে নিতে পারি ৷ যা মান্য করা আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য ও কল্যাণকর ৷ যিনি ১৪০০ বছর পূর্বেই পরামর্শ দিয়ে গেছেন এমন পরিস্থিতি সামনে এলে পরিস্থিতি কবলিত মানুষজনের কি করণীয় আর কি বর্জনীয় ৷

কোয়ারেন্টাইনের কথা সর্বপ্রথম যিনি বলেছিলেন তিনি হলেন মহানবী হযরত মুহাম্মদ সা: । এটা শুধু আমার কথা নয়, এমনটি বলছেন মার্কিন এক গবেষকও । যুক্তরাষ্ট্রের গবেষণা ও সংবাদভিত্তিক ম্যাগাজিন নিউজউইকের এক প্রতিবেদনে এ কথা বলা হয় । প্রতিবেদনটি লিখেছেন মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন । তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত রাইস ইউনিভার্সিটির একজন গবেষক । তাছাড়া তিনি একজন আন্তর্জাতিক বক্তা ।

প্রতিবেদনে বলা হয়:
ইমিউনোলজিস্ট ডা. অ্যান্থনি ফসি এবং মেডিকেল রিপোর্টার ডা. সঞ্জয় গুপ্তের মত বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন: সংক্রামক রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সুন্দর ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টাইনে থাকতে । পরামর্শ দিয়েছেন সুস্থ লোকদের জনসমাগম এড়িয়ে চলতে । তারা দাবি করেছেন, এসব উপায়ই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার সবচেয়ে কার্যকর মাধ্যম ।

মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন তার রিপোর্টে লিখেন:
আপনারা কি জানেন মহামারির সময়ে সর্বপ্রথম কে এই সবচেয়ে ভাল কোয়ারেন্টাইনের উদ্ভাবন করেছেন ? আজ থেকে ১৪০০ বছর আগে ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ সা: পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোয়ারেন্টাইনের ধারণা দেন । যদিও তার সময়ে সংক্রামণ রোগের মত কোন বিশেষজ্ঞ ছিলেন না । তারপরেও তিনি এসব রোগ-ব্যাধিতে তার অনুসারীদেরকে যে নির্দেশনা দিয়েছেন, তা ছিল করোনা ভাইরাসের মত প্রাণঘাতী রোগ মোকাবেলায় দুর্দান্ত পরামর্শ । তার সেই পরামর্শ মানলেই করোনার মত যেকোন মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব ।

উদাহরণ হিসেবে মার্কিন গবেষক মুহাম্মাদ সা: এর একটি বাণী উল্লেখ করে তিনি লিখেন:
মুহাম্মাদ সা: বলেছেন "যখন তুমি কোন ভূখণ্ডে প্লেগ ছড়িয়ে পড়ার খবর শুনতে পাও তখন সেখানে প্রবেশ করো না । পক্ষান্তরে প্লেগ যদি তোমার অবস্থানস্থল পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই জায়গা ত্যাগ করো না ।"

তিনি আরো বলেন:
যারা সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে তাদের সুস্থ মানুষ থেকে দূরে থাকতে হবে । এভাবে বিভিন্ন সময়ে মানব জাতিকে সংক্রামণ থেকে রক্ষা করতে মুহাম্মাদ সা: রোগ-ব্যাধিতে আক্রান্ত লোকদের পরিচ্ছন্নতার ব্যাপারেও উদ্বুদ্ধ করতেন ।
এ ব্যাপারে তার অমূল্য বাণীগুলো হচ্ছে:
"পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ ।"
"তোমরা ঘুম থেকে ওঠার পর হাত ধৌত করো । কেননা ঘুমের সময় তোমার হাত কোথায় স্পর্শ করেছে তা তুমি জানো না ।"
"খাবারের আগে ও পরে হাত ধোয়ার মধ্যে বরকত রয়েছে ।" ইত্যাদি ইত্যাদি ৷

সবচেয়ে বড় কথা হল, মুহাম্মাদ সা: কখনো এমনটা বলেননি যে, তুমি শুধু প্রার্থনা করেই বসে থাকো, সচেতনতা আর চিকিৎসার দরকার নেই ।' বরং তিনি শিখিয়েছেন তুমি প্রার্থনার পাশাপাশি সচেতন থাকো, চিকিৎসা নাও । সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে মৌলিক নিয়মগুলি মেনে চলো ।
উদাহরণ হিসেবে মুহাম্মাদ সা: এর সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন মার্কিন গবেষক । তিনি তিরমিজি শরিফের বরাত দিয়ে লিখেন-
"একদিন মুহাম্মাদ সা: এক বেদুঈনকে লক্ষ্য করলেন, সে তার উটটি না বেঁধে চলে যাচ্ছে । তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন 'তুমি তোমার উটটি বেঁধে রাখছো না কেন ?'
জবাবে বেদুঈন বলল 'আমি আল্লাহর উপর ভরসা রেখেছি ।'
তখন নবী সা: বললেন 'তোমার উটটিকে আগে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা রাখো ৷''
আল্লাহর উপর ভরসা করে হাত-পা বেঁধে বসে থাকলে চলবে না, বরং করণীয় যা তা অবশ্যই করতে হবে ৷ ক্ষুধা লাগলে খাবারের প্লেট সামনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে না, বরং খাবারগুলো হাত দিয়ে উঠিয়ে মুখে নিয়ে খাবার পরেই ক্ষুধা নিবারণ হবে ৷

মুহাম্মাদ সা: ধর্মীয় ক্ষেত্রে যেমন অবদান রেখে অমর হয়ে আছেন । ঠিক তেমনই মানুষের জীবনযাপন বিষয়ক মহামূল্যবান যে পরামর্শ তিনি দিয়ে গেছেন তা আজও অনুকরণীয় ।
সুতরাং আমাদের সবার উচিত অন্য কারো কথা মানতে দ্বিধাবোধ করলে অন্তত সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরামর্শ হিসেবে তাঁর পরামর্শ অনুযায়ী চলে পরিস্থিতির মোকাবেলা করা ৷ নিজেকে ও নিজের পরিবারকে এবং দেশ ও জাতিকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করার চেষ্টাটুকু করা ৷ আমাদের চেষ্টা যেন আল্লাহ্ তা'য়ালা কবুল করে পুরো পৃথিবীকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করে আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে দেন ৷


লেখক:
রাশিদুল ইসলাম ফারাবী

Post a Comment

0 Comments